শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

জাতীয় অর্থনীতি ও আন্তর্জাতিক গণমাধ্যম

জাতীয় অর্থনীতি খুব একটা স্বস্তিদায়ক পর্যায়ে নেই। মূলত, কোভিডের নেতিবাচক প্রভাবেই বাংলাদেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়ে। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে তেলের দাম বেড়ে যাওয়া এবং ডলার সঙ্কটের কারণে অর্থনীতি আরেক দফা ধাক্কা খায়। এই বাস্তবতায় ২০২৪ সালের নির্বাচনের পর অর্থনীতি যখন স্থিতিশীল হতে শুরু করে, তখন গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হলো।

দেশে এখন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে এখন কী করা দরকার, সে বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিভিন্ন ধরনের ব্যাখ্যা-বিশ্লেষণ শুরু করে দিয়েছে। সেই সঙ্গে শেখ হাসিনার পতনের কারণসমূহও তুলে ধরছে গণমাধ্যমগুলো। তারা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে তরুণদের বেকারত্বকেই চিহ্নিত করেছে। এ ছাড়া কাঠামোগত বিভিন্ন চ্যালেঞ্জের কথাও জানিয়েছে তারা। নতুন সরকারের কী করণীয়, সে বিষয়েও বিদেশী গণমাধ্যমগুলো মোটামুটি একই সুরে কথা বলেছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের সংবাদে বলা হয়েছে, বাংলাদেশে তরুণদের এই অভ্যুত্থানের মূল কারণ হলো বেকারত্ব। প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ কর্মবাজারে প্রবেশ করছেন; যদিও শিক্ষার নিম্নমান ও প্রয়োজনীয় দক্ষতার অভাবে তরুণদের কর্মক্ষমতা কম। এই বাস্তবতায় তরুণরা নিজেদের বঞ্চিত ও প্রতারিত বোধ করতেন; সেখান থেকেই অভ্যুত্থানের প্রেরণা জেগেছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর কলকারখানা ও অর্থনৈতিক কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। ডয়চে ভেলে মনে করছে, এই মুহূর্তে ইউনূস সরকারের মূল লক্ষ্য হলো, অর্থনীতি পুনরায় পুরোপুরি সচল করা। তারা বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র খাতের কথা বলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে তৈরি পোশাকের ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে পারেন। তবে অনতিবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এই খাতে দীর্ঘ মেয়াদি প্রভাব পড়বে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আরেকবার ধাক্কা খায় বাংলাদেশের অর্থনীতি। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচে থাকবে বলেই ধারণা করা হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের কষ্ট বেড়েছে। দেশীয় মুদ্রা টাকার অবমূল্যায়নের কারণে মার্কিন ডলারের নিরিখে জনগণের মাথাপিছু আয় কমে গেছে। সেই সঙ্গে উচ্চ বেকারত্বের কারণে তরুণদের মধ্যে যে ক্ষোভ-বিক্ষোভ দানা বেঁধে ওঠে, তা-ই শেষমেশ হাসিনার পতনের কারণ হয়ে দাঁড়ায় বলে মনে করে ইকোনমিক টাইমস। ইকোনমিক টাইমস আরও বলেছে, বাংলাদেশের অর্থনীতি তৈরি পোশাক ও বস্ত্র খাতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিল। গত ১৫ বছরে অবকাঠামোগত অনেক উন্নয়ন হলেও এ দেশের অর্থনীতির বহুমুখীকরণ হয়নি।

মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের কারণে বৈশ্বিক ব্র্যান্ডগুলো চায়না প্লাস ওয়ান কৌশল গ্রহণ করেছে। অর্থাৎ তারা চীন থেকে উৎপাদন সরিয়ে নেওয়ার পক্ষপাতী। এ ক্ষেত্রে বাংলাদেশ আকর্ষণীয় গন্তব্য হতে পারে বলে অনেকেই ধারণা করছিলেন। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের উদ্ধৃত করে আলজাজিরা জানায়, বাস্তবতা হলো, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের বিষয়ে বিনিয়োগকারীরা ভিন্ন চিন্তা করতে পারেন। বর্তমান পরিস্থিতিতে সবার আগে দরকার হলো আইনশৃঙ্খলা পুনরুদ্ধার।

কর্মসংস্থানের বিষয়টি আল-জাজিরাও উল্লেখ করেছে। তারা বলেছে, বাংলাদেশের এক-চতুর্থাংশ মানুষের বয়স ১৫ থেকে ২৯ বছর। গত দুই দশকে এই দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য হারে প্রবৃদ্ধি হয়েছে ঠিকই; কিন্তু বৈষম্যও বেড়েছে অনেক বেশি। এ ছাড়া ১৫ থেকে ২৪ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ কোনো কাজে, প্রশিক্ষণে বা শিক্ষায় নেই। এদিকে কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই বৈশ্বিক ঋণমান নির্ণয়কারী সংস্থা এসঅ্যান্ডপি বাংলাদেশের ঋণমান অবনমন করেছে। মূলত অর্থনীতির বহিঃস্থ খাতের দুর্বলতার কারণে তারা ঋণমান অবনমন করে।

নানাবিধ কারণেই জাতীয় অর্থনীতির ক্রান্তিকাল চলছে। আর অর্থনীতির এই ভঙ্গুর দশা নিয়ে কোন দেশ ও জাতিই সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তাই অন্তর্বর্তী সরকারকে জাতীয় অর্থনীতি মেরামত করার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিবেচনায় নিতে হবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণও। অন্যথায় উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না।

অনলাইন আপডেট

আর্কাইভ